মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল ডিবি পুলিশ

রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে তাকে তুলে নেওয়া হয়। প্রায় একই সময়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকেও ডিবি আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজনের দায়িত্ব নিয়েছিলেন মিজানুর রহমান সোহেল। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের অফিসিয়াল প্যাডে সভাপতি আসলামের পাশে তার নাম ছিল। জিজ্ঞাসাবাদের পর ভোরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিয়াসকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিজানুর রহমান সোহেল ও পিয়াসকে গ্রেপ্তারের প্রসঙ্গে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের রানা গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এমন সময়ে সোহেল ও পিয়াসকে তুলে নেওয়া সরকারের নিকৃষ্ট কাজ। তিনি দ্রুত পিয়াসকে ছেড়ে দেওয়ার দাবি জানান।

জানা গেছে, সাধারণ স্মার্টফোন বিক্রেতাদের সঙ্গে আলোচনা ছাড়াই এনইআইআর (NEIR) পদ্ধতি বা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া চালু করতে যাচ্ছিল সরকার। এতে সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা হারানোর আশঙ্কায় রয়েছেন।

ব্যবসায়ীদের দাবিদাওয়া তুলে ধরে জনমত গঠনের লক্ষ্যে বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকর্মী হিসেবে এই আয়োজন বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছিলেন।

এদিকে, বিনা পরোয়ানায় ও মধ্যরাতে একজন সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্স তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, ডিবি প্রধান যদি কথা বলতেই চাইতেন, তবে দিনের বেলা তাকে ডাকা যেত কিংবা নোটিশ দেওয়া যেত— তিনি নিজেই হাজির হতেন। রাত ১২টার পর বাসা থেকে তুলে নেওয়া ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে, যা বর্তমান বাংলাদেশে গ্রহণযোগ্য নয়।

সাংবাদিক নেতারা অবিলম্বে মিজানুর রহমান সোহেলকে সসম্মানে বাসায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।