মনিরুলের স্ত্রী অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বাধ্যতামূলক অবসর

খবরওয়ালা অনলাইন ডেস্ক: পুলিশের সাবেক বিতর্কিত ও আলোচিত কর্মকর্তা মনিরুল ইসলামের স্ত্রী অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মিজ সায়লা ফারজানা (৬৪১৪)-এর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।

এতে আরো বলা হয়, তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পর পতনের পর ১৩ আগস্ট প্রথম অফিসে যান ‘গোপালগঞ্জ কোটায়’ নিয়োগ পাওয়া প্রভাবশালী এই কর্মকর্তা। এ সময় বিগত দিনের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি দল তার কক্ষে প্রবেশ করে তিনি কেন এসেছেন তা জানতে চান। তাকে আটকে রেখে ক্ষোভ ঝাড়তে থাকেন বঞ্চিতরা। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরো দুই অতিরিক্ত সচিবকে শেখ হাসিনার ‘দালাল’ বলে স্লোগান দেন বঞ্চিতরা।

খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাকে উদ্ধার করে নিজের দফতরে নিয়ে যান। বঞ্চিতরা তখন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন। পরে তাকে পুলিশি পাহারায় গাড়িতে করে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। এরপর তিনি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাননি। 

বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব ছিলেন। সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম তার স্বামী। মনিরুলকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।