খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট ২০২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর নদী থেকে জোহরা খাতুন (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়জাপ এলাকার কাঁচা মাটিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জোহরা খাতুন উপজেলার রুস্তম আলী মাস্টারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং গত ২৬ জুলাই সকালে নিখোঁজ হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল দেবাশীষ সরকার এবং ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি জানান, রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
খবরওয়ালা/এমএজেড