মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্ক করে রাখা ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির বেশ কয়েকটি অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি নাশকতামূলক কর্মকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গড়পাড়া ইউনিয়নের গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাসটি ভূঁইয়া পরিবহনের। এটি ঢাকা-উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত। বাসটির মালিক গড়পাড়া ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ জাফর। তিনি অসুস্থ থাকায় তিন-চার দিন আগে বাসটি ঢাকা থেকে নিজ এলাকায় নিয়ে আসা হয়। যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্ক করে রাখা হয়েছিল। ঘটনার দিন চিকিৎসার জন্য বাসটির মালিক ঢাকায় অবস্থান করছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাতে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। প্রথমে মসজিদের মাইকে পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে আগুন লাগার খবর প্রচার করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে বাসে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। মসজিদের মাইকে ঘোষণা শুনে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন। তাঁরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম জানান, তাঁরা প্রথমে মসজিদের মাইকে পল্লী বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘোষণা শুনেছিলেন। পরে ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন দেখতে পান। এরপর আশপাশের লোকজন একত্র হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কীভাবে বা কার কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাঁরা কেউ দেখেননি।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লাগার খবর পান তাঁরা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি বাসে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসের দুটি দল স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক হিসাবে বাসটির দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বাসটির মালিক ওই এলাকার বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন দেখতে পায়। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চলমান পরিস্থিতিতে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, জেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশের নজরদারিও অব্যাহত রয়েছে। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো ঘটনা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।