মালিবাগের শম্পা জুয়েলার্সে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি: চারজন গ্রেপ্তার

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ঢাকাসহ দেশের একাধিক স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, চুরিতে সরাসরি তিনজন অংশ নেন। দুইজন রশি বেয়ে তৃতীয় তলায় প্রবেশ করেন, আর একজন নিচে মোটরসাইকেলে অপেক্ষা করেন। চুরি শেষে তারা পালিয়ে গিয়ে চুরি করা স্বর্ণালংকার নিজেদের মধ্যে ভাগ করে নেন। পরে ডিবি তথ্যপ্রযুক্তির মাধ্যমে চক্রের চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় একটি চোরের বাড়ির খড়ের গাদা থেকে দেড়শ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যদের কাছ থেকেও সোনা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

চুরির ঘটনার সময় সম্পর্কে মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানান, প্রশিক্ষিত চোরচক্রের দুইজন বোরকা পরে শপিং মলের তৃতীয় তলার জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করেন। এরপর দোতলায় কলাপসিবল গেটের তালা ভেঙে শোকেসে রাখা স্বর্ণালংকার নিয়ে চলে যান। নিচে অপেক্ষা করা মোটরসাইকেল চালক সঙ্গে নিয়ে তারা দ্রুত পালিয়ে যান।

শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেছেন, ৮ অক্টোবর রাত ৯টার দিকে দোকান বন্ধ করার পর পরদিন সকাল সাড়ে ৬টার দিকে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখেন দোকানের স্বর্ণালংকার নেই। তার তথ্য অনুযায়ী, দোকানে ৫০০ ভরি সোনা ছিল, যার মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব এবং ১০০ ভরি বন্ধকী।

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার বেশি। সেই হিসেবে চুরি হওয়া সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। এ ঘটনায় মালিক রমনা মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে,

‘৮ অক্টোবর রাত ৯টার পর থেকে ৯ অক্টোবর ভোর সাড়ে ৬টার মধ্যে চুরি সংঘটিত হয়।’

ডিবি জানায়, চোরচক্রটি স্বর্ণালংকার ভাগাভাগি করলেও ডিবির তৎপরতায় এগুলো বিক্রি করতে পারেনি। অভিযানকালে এক চোরের বাড়ির খড়ের গাদা সরিয়ে মাটির নিচ থেকে লাল শপিং ব্যাগে মোড়ানো স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়া আরও কয়েকটি স্থান থেকে স্বর্ণালংকার উদ্ধার হয়েছে, যদিও মোট কত ভরি উদ্ধার হয়েছে তা এখনও জানা যায়নি।

ডিবি এ বিষয়ে বিস্তারিত জানাবে আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।