মিটফোর্ডে সোহাগ হত্যায় ৫ দিনের রিমান্ডে দুই ভাই

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই ভাই সজীব বেপারী ও রাজীব বেপারীর পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার ওসি পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান তাদেরকে আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের কাছে জানতে চান, ‘আইনজীবী আছে কি?’ তখন তারা বলেন, ‘নেই।’ এ সময় রাজীব বেপারী আদালতকে বলেন, ‘সজীব বেপারী আমার বড় ভাই। আমি কিছু করিনি। আমি নির্দোষ।’

পরে আদালত তাদের দুই জনের পাঁচদিন করে রিমান্ডের আদেশ দেন।

এরআগে গতকাল রোববার (১৩ জুলাই) ভোরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় রাজীব ও সজীবকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে এ মামলায় গত ১০ জুলাই মাহমুদুল হাসান মহিনকে পাঁচ দিনের রিমান্ড এবং গত ১২ জুলাই টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এ ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় ১০ জুলাই তারেক রহমান রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। আর পুলিশ অস্ত্র মামলা দায়ের করে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।