মিয়ানমারগামী পণ্যসহ ১১ পাচারকারী আটক

বাংলাদেশ নৌবাহিনী মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সামগ্রীসহ ১১ জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। রবিবার বঙ্গোপসাগরে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ নিয়মিত টহল দেওয়ার সময় সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় এই অভিযান চালানো হয়। 

সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ রোধ, জলদস্যুতা ও চোরাচালান প্রতিরোধ এবং সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে রবিবার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ মিয়ানমারে পাচার হতে যাওয়া বিপুল পরিমাণ পণ্যসহ একটি বোট এবং এর ১১ জন ক্রুকে আটক করে।

এতে আরও জানানো হয়, নিয়মিত টহলের সময় ‘সমুদ্র অভিযান’ বাংলাদেশের জলসীমায় একটি সন্দেহজনক কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনীর জাহাজকে কাছে আসতে দেখে বোটটি দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামের বোটটিকে ১১ জন পাচারকারীসহ আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ১৫,০০০ কেজি আলু, ৭৫০ কেজি রসুন, ২,৫০০ কেজি ময়দা, ২,৫০০ কেজি মসুর ডাল, ১৪,৪০০ পিস কোমল পানীয় (টাইগার/স্পিড), ৬০০ পিস গ্যাস লাইটার, ৮০০ পিস শেভিং ব্লেড, ৩টি মোবাইল ফোন, ১টি বাইনোকুলার, ১টি কম্পাস এবং ৪০০ ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়। আটককৃত পাচারকারী, বোট এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি পদক্ষেপের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, সন্ত্রাস, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কাজ দমন করতে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর টহল কার্যক্রম চলমান থাকবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।