মিয়ানমারে সার পাচারের অভিযোগে বিএনপি ও ছাত্রদল নেতাসহ আটক ৩

মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি ও ছাত্রদলের সাবেক তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তাঁর ছেলে। অপরজন ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক। গত ৩১ অক্টোবর পাচারের উদ্দেশ্যে মজুত করা ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্ত করতে গিয়ে তাঁদের নাম উঠে আসে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওসমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬)। ফারাবি ওই ইউনিয়নের ফরিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে একটি চক্র দীর্ঘদিন ধরে মিয়ানমারে সার পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গত ৩১ অক্টোবর পাচারের জন্য প্রস্তুত রাখা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। ওই ঘটনার পর কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্য এবং মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

তদন্তের ধারাবাহিকতায় জোরারগঞ্জ থানা পুলিশ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের কার্যালয়ে অভিযান চালায়। সার পাচারের পরিকল্পনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তাঁর ভাই নুর উদ্দিন আটক ব্যক্তিদের সার পাচারের চালান সম্পর্কে জানান এবং স্থানীয়ভাবে সহযোগিতা চান বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে ট্রাকভর্তি সার মুহুরী প্রকল্পের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাঠানোর প্রলোভন দেখান শওকত আকবর সোহাগ। তবে পুলিশের তৎপরতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার (৮ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে মহসিন সম্রাট, তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন এবং ফারাবি হোসেনকে গ্রেপ্তার করা হয়।

সার পাচারের ঘটনা তদন্তের অংশ হিসেবে বাদশাহ নামের এক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে তদন্তে এ ঘটনায় তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় কারা কীভাবে জড়িত ছিলেন এবং পাচারচক্রের সঙ্গে আর কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।