খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 15শে জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৯ই মে ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
ঢাকার মিরপুরে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত গাউস মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৮ মে) রাজধানীর মিরপুর-১১, বি ব্লকের ৩৫ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মো. পাপ্পু (৩১) বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের বাসিন্দা ও তার স্ত্রী দোলন দোলা (২৯)।
গ্রেফতার গাউসের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি সৌদি প্রবাসী। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। তিনি সৌদি আরবে থাকার সময় নয় মাস আগে ফেসবুকের মাধ্যমে দোলার সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। গত জানুয়ারিতে অবিবাহিত গাউস সৌদি আরব থেকে ঢাকায় আসেন।
মিরপুর-১১ নম্বরে দোলার বাসার কাছে তিনি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দোলার বাসায় যাতায়াত ছিল তার। বুধবার সকালে দুজনের একসঙ্গে নাশতা করার কথা ছিল। সকাল ৯টার দিকে তিনি দোলার বাসার সামনে যান। এ সময় দেখেন বাসা থেকে বের হয়ে দোলা রিকশায় করে এক ব্যক্তির সঙ্গে যাচ্ছেন। বাসার পাশে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই ব্যক্তি দোলার স্বামী। স্বামী-স্ত্রীকে একসঙ্গে এভাবে দেখে ক্ষোভ সৃষ্টি হয় তার। সেখান থেকে নিজের বাসায় ফিরে যান।
দুপুর দেড়টায় গাউস ছুরি নিয়ে দোলার পাঁচতলার বাসায় গিয়ে কলিং বেল চাপেন। ভেতর থেকে এক নারী দরজা খুলে গাউসের হাতে ছুরি দেখে ভয় পেয়ে বের হয়ে আসেন। তখন গাউস বাসায় ঢুকলে ওই নারী বাইরে থেকে দরজা আটকে দিয়ে ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। এরই মধ্যে ঘরে শুয়ে থাকা দোলার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেন। এরপর দোলাকে একইভাবে খুন করেন গাউস মিয়া।
পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রেমের সম্পর্কের জেরে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে। গ্রেফতার গাউস প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
খবরওয়ালা/এফএস