মিরসরাইয়ে উদ্ধার ৮ ফুট লম্বা ভয়ঙ্কর ‘কিং কোবরা’

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির নাম কিং কোবরা (রাজ গোখরা)। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার মিঠাছরা বাজারে এক পাহাড়ি ব্যক্তির কাছ থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার নেতারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড় থেকে সাপটি ধরে গত এক সপ্তাহ ধরে এক পাহাড়ি ব্যক্তি সাপটি গায়ে জড়িয়ে মিঠাছরা বাজারে মানুষদের ভয়ভীতি দেখাচ্ছিল। এছাড়া তিনি সাপটি বিক্রির চেষ্টা করছিলেন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দল সাপটি উদ্ধার করতে সক্ষম হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দল চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় বলেন, পাহাড়ি এক ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজ গোখরাটিকে অবৈধভাবে আটক করে রেখেছিলেন। তিনি সাপটিকে ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছিলেন এবং পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে রাখেছিলেন। খবর পেয়ে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় আমরা কয়েকজন ক্রেতা সেজে সাপটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসি।

তিনি আরও বলেন, সাপটির বিষদাঁত উপড়ে ফেলা হয়েছে এবং তা দিয়ে খেলা দেখানোর কারণে সাপটি গুরুতর আহত হয়েছে। বর্তমানে সাপটি বাংলাদেশ বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকতের তত্ত্বাবধানে আমার হেফাজতে চিকিৎসাধীন। ৮ ফুট দৈর্ঘ্যের সাপটি পুরোপুরি সুস্থ হলে বনবিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত বলেন, সাপটির অবস্থা খুব খারাপ। দাঁত তুলে ফেলা হয়েছে, মাথায় আঘাত রয়েছে। চিকিৎসা চলছে, আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যে সাপটি সুস্থ হয়ে উঠবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।