মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ, স্পিকার হাফিজ উদ্দিনের বক্তব্যের প্রতিবাদ প্রগতিশীল শিক্ষকদের

পাকিস্তান সফরকালে মহান মুক্তিযুদ্ধ ও ভারতের ভূমিকা নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ। সংগঠনটি স্পিকারের বক্তব্যকে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বাস্তবতা ও ভারতের অবদানকে আড়াল করার অনাকাঙ্ক্ষিত প্রবণতা হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে।

রোববার (২৯ নভেম্বর) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. এম ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. পূর্বা ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ, স্বাধীনতা ও মুক্তির অবিস্মরণীয় সংগ্রাম। এ যুদ্ধে এ দেশের মানুষের সীমাহীন আত্মত্যাগের পাশাপাশি ভারতের অবদানও ঐতিহাসিকভাবে স্বীকৃত। প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়া, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান এবং চূড়ান্ত বিজয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের মতো বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই।

সংগঠনটি আরও বলেছে, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে এ ধরনের মন্তব্য অত্যন্ত স্পর্শকাতর এবং রাষ্ট্রীয় দায়িত্বশীলতার সঙ্গে অসংগতিপূর্ণ। জাতীয় সংসদের স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বক্তব্যে রাষ্ট্রের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও কূটনৈতিক সংবেদনশীলতার প্রতিফলন থাকা প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন কিংবা রাজনৈতিক মতপার্থক্যের অজুহাতে ১৯৭১ সালের ঐতিহাসিক সত্যকে খাটো করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো একক ব্যক্তির রাজনৈতিক পর্যালোচনার বিষয় নয়; এটি বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব ও জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বক্তব্যের ঐতিহাসিক ভিত্তি ও প্রেক্ষাপট স্পষ্ট করে যথাযথ ব্যাখ্যা প্রদান এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানায় বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।

বিবৃতিতে সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, বস্তুনিষ্ঠ ইতিহাসচর্চা এবং স্বাধীনতার সংগ্রামে আন্তর্জাতিক সহযোগিতার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।