খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ মে ২০২৫
মুন্সীগঞ্জে জোয়ারের পানিতে মেঘনায় ভেসে গেছে প্রায় শতাধিক গরু। শুক্রবার (২৩মে) গজারিয়ার ভাটি বলাকি গ্রামে সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষকরা।
কৃষক আবু তালেব সুজন খান বলেন, প্রতিদিনের মতো আজকেও সকালে গরু ঘাস খাওয়ার জন্য খাল পার হয়ে যায়। আসার পথে জোয়ারের পানির স্রোতে প্রায় ১০০ গরু ভেসে যায়। এর মধ্যে ৩৬টি গরু উদ্ধার হয়েছে। এখনও অনেক কৃষক তাদের গরু খোঁজাখুঁজি করছে।
ভুক্তভোগী কৃষক মহসিন বলেন, এমন ঘটনা জীবনেও ঘটে নাই। এমন কিছু ঘটতে পারে তা আমরা চিন্তাও করি নাই। আমার ৪টি গরু পানির তোড়ে ভেসে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি।
গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো.ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছি আমরা। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা তাদের সাহায্য করব।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, এখন পর্যন্ত ৩৬টি মৃত গরু উদ্ধার করা হয়েছে, আরও খোঁজ খবর নেয়া হচ্ছে। কৃষকদের অনেক বড় ক্ষতি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।
খবরওয়ালা/এফএস