কুমিল্লার মুরাদনগর উপজেলায় আট বছর বয়সী কন্যাসন্তানকে নিজের কাছে রাখাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে সুকিয়া বেগম (৪২) নামে এক নারীকে হত্যা করেছেন তাঁর স্বামী। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার ব্যস্ততম কোম্পানীগঞ্জ বাজারের চৌধুরী বস্ত্রালয়ের সামনে এই নৃশংস ঘটনা ঘটে। দিনের আলোয় জনসমক্ষে এমন হত্যাকাণ্ডে বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত সুকিয়া বেগম পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালু মিয়া ফকিরের মেয়ে। অন্যদিকে, অভিযুক্ত স্বামী শরিফ মিয়া (৪৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত তাজু মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুকিয়া বেগমের বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর জীবিকার তাগিদে তাঁরা দীর্ঘদিন কুমিল্লা শহরে বসবাস করতেন। তবে শরিফ মিয়া মাদকাসক্ত হয়ে পড়ায় সুকিয়া বেগমের ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। স্বামীর নির্যাতন ও ক্রমাগত পারিবারিক কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে তাঁদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর মেয়েকে সঙ্গে নিয়ে নিজ এলাকায় ফিরে আসেন সুকিয়া বেগম। উপার্জনের কোনো স্থায়ী অবলম্বন না থাকায় এরপর থেকে অসহায় অবস্থায় মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে কোনোমতে জীবিকা নির্বাহ করতেন তিনি।
এদিকে, বিচ্ছেদের পর থেকেই আট বছর বয়সী মেয়েকে নিজের জিম্মায় নিতে চাইছিলেন শরিফ মিয়া। কিন্তু মাদকাসক্ত স্বামীর কাছে সন্তানের ভবিষ্যৎ নিরাপদ মনে না করায় সুকিয়া বেগম মেয়েকে দিতে রাজি হননি। নিহতের পরিবারের দাবি, বারবার চেষ্টা করেও মেয়েকে না পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন শরিফ। এরই জেরে সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ বাজারে সুকিয়া বেগমকে একা পেয়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করেন তিনি। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই নারী।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ ও মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।
ওসি আরও জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি, তবে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত শরিফ মিয়াকে আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করেছে পুলিশ।


