খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
অবসরের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর মুশফিকের দীর্ঘ দিনের সতীর্থ ও ভায়রা ভাই মাহমুদউল্লাহ রিয়াদসহ সতীর্থরা স্মৃতিরোমন্থন করেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘প্রিয় মুশফিক। তোমার অসাধারণ ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তোমার সেই ভাঙা পাঁজর নিয়ে সেঞ্চুরির কথা এখনো মনে আছে। তোমার ভালোবাসা, আত্মনিবেদন এবং সর্বোচ্চ পর্যায়ে ভালো করতে কঠোর পরিশ্রমের মানসিকতা সবই তাতে ফুটে উঠেছে। এটা যেকোনো ক্রিকেটারকেই অনুপ্রাণিত করবে।’ মাহমুদউল্লাহ যে সেঞ্চুরির কথা উল্লেখ করেছেন, সেটা মুশফিক ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন। লঙ্কানদের বিপক্ষে ১৪৪ রানের ইনিংসটা মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের সেরা।
২০০৬-এর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মুশফিকের ওয়ানডেতে পথচলা শুরু। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২৭৪ ওয়ানডে। রাওয়ালপিন্ডিতে গত ২৪ ফেব্রুয়ারি ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে করেছেন ২ রান। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ২৭৪ ওয়ানডেতে ৭৯.৭০ স্ট্রাইকরেটে ৭৭৯৫ রান করেছেন। ৯ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৯ ফিফটি। মুশফিক বিদায় জানানোর পর তামিম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দিয়েছেন। তাসকিন আহমেদ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমরাও সামাজিক মাধ্যমে মুশফিককে নিয়ে আবেগী পোস্ট দিয়েছেন।
সাদা বলের ক্যারিয়ারের ইতি টানার পর মুশফিকের সামনে বাকি এখন শুধুই টেস্ট। ৯৪ টেস্টের ক্যারিয়ারে এখনো পর্যন্ত ৩৭.৭৭ গড়ে করেছেন ৬০০৭ রান। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ম্যাচ, সবচেয়ে বেশি রান দুটি রেকর্ডই ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের। মুশফিকের লাল বলের ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়ে মাহমুদউল্লাহ লিখেছেন,‘নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন। লাল বলে তোমার ক্যারিয়ারের জন্য শুভকামনা।’
দেশের আরেক লিজেন্ড ক্রিকেটার সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ফেসবুকে লিখেন, তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি!
ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।
আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও…
খবরওয়ালা/এমজেড