জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। বলিউডে ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। একসময়ের ‘চকলেট বয়’ ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিলো এই সাঞ্জু বাবা। এমনকি এক নারী ভক্ত নিজের মৃত্যুর সময় ১৫৯ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে যান তার নামে!
সম্প্রতি কপিল শর্মার শো’তে হাজির হন সঞ্জয় দত্ত ও সুনীল শেঠি। সেখানে তিনি ভক্তের ভালোবাসার এই গল্পটি শেয়ার করেন। সঞ্জয় জানান, হঠাৎ থানা থেকে ফোন পেয়েছিলেন তিনি।
পুলিশ তাঁকে জানায়, নিশা পাতিল নামের এক নারী ১৪ দিন আগে প্রয়াত হয়েছেন। তিনি সঞ্জয়ের নামে লিখে রেখে গিয়েছেন ১৫৯ কোটি টাকার সম্পত্তি, যার মধ্যে রয়েছে দক্ষিণ মুম্বাইয়ের একটি বাড়ি। সেই খবর শুনে হতভম্ব অভিনেতা! স্পষ্ট করে দিয়েছিলেন, সব সম্পত্তি মৃতার পরিবারকেই দেওয়া উচিত। যদিও ব্যাংক থেকে জানানো হয়, নমিনি হিসাবে সঞ্জয় দত্তের নামই উল্লেখ করা হয়েছে। তাঁর পালি হিলের বাসভবনও ব্যাংক ডিটেইলসে রয়েছে।
এরপর কী করলেন সঞ্জয়? তিনি বলেন, ‘আমাদের মতো অভিনেতার নামে লোকে সন্তানের নাম রাখেন, রাস্তায় পিছু নেন, উপহারও পাঠান। কিন্তু এই ঘটনা আমাকে হতবাক করেছে। আমি তাকে চিনি না। কিন্তু তিনি যা করেছেন তার পর আমি বাক্যহারা। সম্পত্তির এক কণাও আমি দাবি করব না।’
এর পর আইনজীবীরা যোগাযোগ করলেও সঞ্জয় একই কথা বলেন। শেষমেশ মধ্যস্থতা করতে চেয়ে বলেন, ‘সম্পত্তির অধিকার যাতে পরিবার পায় তার জন্য আমি যে কোনও আইনি পথে হাঁটতে রাজি আছি।’
খবরওয়ালা/এফএস



