মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতি: ৫০ লাখ টাকার মালামাল লুট

মোংলা সমুদ্র বন্দরের পশুর চ্যানেলে নোঙর করা ‘এমভি সেজুঁতি’ নামের একটি বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নাবিকদের জিম্মি করে অন্তত ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

সোমবার (২৬ মে) ভোররাতে মোংলা বন্দরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জাহাজটির শিপিং এজেন্ট পিএনএন শিপিং লাইন্স লিমিটেড মোংলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জাহাজের প্রধান প্রকৌশলী মো. সিরাজুল হক বলেন, রবিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে একদল ডাকাত নোঙরের চেইনের ভেতর দিয়ে জাহাজে উঠে পড়ে। তারা চাপাতি, কুড়াল ও লাঠি নিয়ে নাবিকদের জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে।

ডাকাতরা ইঞ্জিন কক্ষসহ জাহাজের বিভিন্ন স্থান তছনছ করে। তারা ইঞ্জিনের যন্ত্রাংশ, কম্পিউটার, ব্যাটারি, স্মার্টফোন, তেলের ড্রাম, গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার, নগদ ৭০ হাজার টাকা ও আরও কিছু মালামাল নিয়ে সকাল ৫টা ৩০ মিনিটের দিকে চলে যায়।

শিপিং লাইনের কর্মকর্তা আতাউস সালাম সৌরভ বলেন, ‘ডাকাতেরা ১৬ ধরনের মালামাল নিয়ে গেছে। এর বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘আমরা মোংলা থানা, কোস্টগার্ড, নৌ পুলিশ ও বন্দর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাচ্ছি।’

মোংলা বন্দরের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, ‘ঘটনার কথা শুনেছি। তবে কেউ আমাদের এখনো লিখিতভাবে কিছু জানায়নি।’

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ঘটনার কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের জুনে ভারত থেকে পাথর এনে মোংলায় আসে জাহাজটি। পণ্য খালাস শেষে যান্ত্রিক ত্রুটির কারণে এক বছর ধরে এটি বন্দরে নোঙর করা রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।