খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ ২০২৫
ঢাকার মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।
শনিবার (২২ মার্চ) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা পুলিশের বরাতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার (২২ মার্চ) সকাল ৮টা হতে প্রায় চার ঘণ্টাব্যাপী মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী, গোটগাট, লাউতলা, জেনেভা ক্যাম্প ও তাজমহল রোড এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে একই সময়ে আদাবর থানাধীন শেখেরটেক, শ্যামলী হাউজিং প্রকল্প, আদাবর, সুনিবিড় হাউজিং ও মেহেদীবাগ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/এমইউ