যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা

নতুন কোনো সিনেমায় নেই তিনি, নেই নাটকের অভিনয়েও। তবুও চিত্রনায়িকা পূর্ণিমা রয়েছেন আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন ছবি মানেই অনুরাগীদের মুগ্ধতা। সাধারণত পূর্ণিমাকে খুব একটা দেখা যায় না ব্যক্তিগত অনুভূতি বা ব্যতিক্রমী কোনো বার্তা শেয়ার করতে। তবে এবার একটি পোস্টে নিজের আক্ষেপের কথা প্রকাশ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

রবিবার ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লেখেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’

পূর্ণিমার এমন পোস্টে বিস্মিত হয়েছেন অনুরাগীরা। অনেকেই জানতে চেয়েছেন, কোনো ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন কি এই কথাগুলো?

একই পোস্টে তিনি আরও লেখেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’

তার এই রূপকভাষা ও কাব্যিক আক্ষেপ ছুঁয়ে গেছে অনেকের মন। কেউ মন্তব্য করেছেন, ‘পূর্ণিমা আপু ঠিকই বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা।’ আবার কেউ লিখেছেন, ‘এ যেন আমাদের সবার জীবনের গল্প।’

পোস্টের শেষ লাইনে পূর্ণিমা লেখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র, নাটক ও টেলিভিশন উপস্থাপনায় নিজের অবস্থান দৃঢ় করেছেন পূর্ণিমা। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনায় আসতে চান না তিনি। তাই হঠাৎ এমন আত্মমুখী, দার্শনিক স্ট্যাটাস তার ভক্তদের মধ্যে কৌতূহল জাগিয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।