যে করেই হোক ব্যাংক ডাকাতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যারা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত যে করেই হোক তাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, যাঁরা যাঁরা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত, যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাঁদের খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তাঁরা যেন আইনের আওতার বাইরে না থাকেন। যে করেই হোক, তাঁদের আইনের আওতায় আনার জন্য তিনি জোর দিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, এস আলমের যত সম্পদ আছে, সব জব্দ করা হয়েছে। মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব সম্পদ দেশের বাইরে চলে গেছে, সেগুলো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথার প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন, ১২ অলিগার্ক বা যাঁরা ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন, তাঁদের চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে গভর্নরকে বলেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব। ব্রিফিংয়ে তিনি বলেন, এ বিষয়ে কাজ করছেন বলে গভর্নর জানিয়েছেন।

সংবাদ ব্রিফিংয়ে ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক প্রতিবেদনের কয়েকটি তথ্য তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সভায় যাঁরা ছিলেন, তাঁরা বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। মূল সূচকগুলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ৫ মাসে রপ্তানির প্রবৃদ্ধি ১০ শতাংশ, আমদানির প্রবৃদ্ধিও বেড়েছে। নতুন চাকরি তৈরি হচ্ছে। মূল্যস্ফীতি একসময় ১২ শতাংশের মতো উঠেছিল, এখন সেটি ৯ শতাংশে, মানে ‘সিঙ্গেল ডিজিটে’ নেমে এসেছে। কাজ করার কারণে মূল্যস্ফীতি কমে আসছে। তাঁদের দৃঢ় বিশ্বাস, জুলাইয়ের মধ্যে এটি সাড়ে ৭ শতাংশের মধ্যে আসবে।

উল্লেখ্য, সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।