যৌতুকের টাকার জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া গ্রামে যৌতুকের টাকা না পেয়ে স্মৃতি রানী বর্মণ (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে অভিযুক্ত স্বামী ও স্বজনরা স্মৃতির লাশ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের পরিবার অভিযোগ করেছে, ঘটনার সঙ্গে স্বামী সনজিৎ চন্দ্র বর্মণ ও তার পরিবারের সদস্যরা জড়িত।

শনিবার সকালে নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ বাদী হয়ে চারজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত স্মৃতি রানী কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামের যতীশ চন্দ্র বর্মণের মেয়ে। তাঁর ৭ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্মৃতির স্বামী সনজিৎ চন্দ্র বর্মণ, শ্বশুর বেনু চন্দ্র বর্মণ, শাশুড়ি জোসনা রানী বর্মণ ও খালাতো বোন সরস্বতি চন্দ্র বর্মণ পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এর মধ্যে তিন লাখ টাকা পরিশোধ করা হলেও বাকি দুই লাখ টাকার জন্য স্মৃতিকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্বামী সনজিৎ নিহতের ভাইকে ফোন করে বাকি দুই লাখ টাকা দ্রুত দেওয়ার জন্য চাপ দেন এবং হুমকি দেন। শুক্রবার সকালেও একই দাবি তোলা হয়। পরে দুপুরে খবর আসে, স্মৃতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালে গিয়ে স্বজনরা স্মৃতির লাশ দেখতে পান।

মামলার বাদী শ্যামু চন্দ্র বর্মণ অভিযোগ করে বলেন, “আমার বোনকে যৌতুকের টাকা না দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী ও তার পরিবার। ওদের বাড়ি তালাবদ্ধ, সবাই পালিয়েছে। বোনের গলায় শ্বাসরোধের দাগ স্পষ্ট দেখা গেছে।” তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।