রাঙ্গুনিয়ায় পশুর হাটে প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারিবারিক কলহের জেরে ওসমান গণি (৫০) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) বিকেল ৫টার দিকে রাঙ্গুনিয়ার গোডাউন গরুর বাজারে ঢুকে শ্বশুরকে হত্যা করেন জামাতা মোহাম্মদ হোসেন।

নিহত ওসমান গণির বাড়ি উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামে। আর জামাতা মোহাম্মদ হোসেনের বাড়ি সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামে।

হোসেন যে হত্যা করেছেন, তা নিশ্চিত হয়েছে রাঙ্গুনিয়া থানার পুলিশ। এ ঘটনার পর হোসেনকে আটক করা হয়েছে। তিনিও হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কবির মৃধা বলেন, ‘ওসমান গণির দুই ছেলে ও তিন মেয়ে। এক মেয়ের জামাতা মোহাম্মদ হোসেন (৪০)। হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন। কিছুদিন আগে দেশে ফিরে আসেন। এরপর তাঁদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে আজ বাজারে ঢুকে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেন হোসেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিজের ৩টি গরু নিয়ে হাটে গিয়েছিলেন ওসমান গণি। দুটি বিক্রি করেছিলেন। আর একটি বিক্রির জন্য অপেক্ষায় ছিলেন। এমন সময় প্রকাশ্যেই মোহাম্মদ হোসেন কুপিয়ে হত্যা করেন তাঁকে। ঘটনাস্থলেই ওসমান গণির মৃত্যু হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।