খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে সাজ্জাদ হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একটি চাপাতি এবং একটি ভাঙচুর করা সিএনজি জব্দ করেছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) মোহাম্মদপুর থানাধীন বসিলার আরাম মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ ভোলার লালমোহন থানার গজারিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, কয়েকদিন ধরে ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে স্থানীয় বাসিন্দারা ত্যাক্ত-বিরক্ত।
সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ায় গণপিটুনির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ জানান, সকাল সাড়ে ৯ টার দিকে ছিনতাইয়ের সময় উত্তেজিত জনতা সাজ্জাদকে ধরে ফেলে এবং তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
খবরওয়ালা/এমইউ