রাজধানীর ফুটপাত থেকে দুইজনের মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইন এলাকার একটি ফুটপাত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে দুই জনকেই মাদকাসক্ত বলে নিশ্চিত করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৩টার দিকে পশ্চিম জুরাইন সালাউদ্দিন তেল পাম্পসংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের একজন মনির হোসেন (৩৮), পেশায় রিকশাচালক। তিনি বরিশালের উজিরপুর থানার জগীরকান্দা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। মাঝে মাঝে রিকশা চালালেও তিনি অধিকাংশ সময় পশ্চিম জুরাইনের ফুটপাতে থাকতেন। এছাড়া তার একটি বাসা ছিল মুরাদপুর হাইস্কুল রোড এলাকায়, যেখানে তার দুই স্ত্রী বসবাস করেন।

অন্যজনের নাম-পরিচয় এখনও শনাক্ত হয়নি। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে ছিল আকাশি রঙের গেঞ্জি ও জলপাই রঙের গ্যাবাডিন প্যান্ট। পুলিশ ধারণা করছে, তিনি একজন ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এম ইরফান উদ্দিন জানান, সোমবার (১৮ আগস্ট) বিকাল ৩টার দিকে পশ্চিম জুরাইন সালাউদ্দিন তেল পাম্পসংলগ্ন যাত্রী ছাউনির সামনে ফুটপাত থেকে প্রায় তিন-চার গজ দূরে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুইজনকেই মৃত ঘোষণা করেন।

এসআই ইরফান উদ্দিন বলেন, নিহত দুই জনই মাদকাসক্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশা করার কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। তাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।