খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 26শে মাঘ ১৪৩১ | ৮ই ফেব্রুয়ারি ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
খবরওয়ালা অনলাইন ডেস্ক: আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয়, তবে সেক্ষেত্রে সংবিধান সংশোধন করা হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি কমিশন ইতিমধ্যে তাদের সুপারিশ তুলে ধরেছে, তবে সংবিধান সংশোধন কমিশন কোনো আশু করণীয় প্রস্তাব করেনি। তিনি আরও বলেন, যে সমস্ত প্রস্তাব সংবিধান সংশোধন সংক্রান্ত দেওয়া হয়েছে, তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এবং ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলো যদি সম্মতি দেয়, তবেই সংবিধান সংশোধন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
খবরওয়ালা/জেআর