খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতার’ ব্যানারে অনির্দিষ্টকালের অবরোধ শনিবার রাতে প্রত্যাহার করে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে আবার বহালের কথা জানানো হয়েছে।
‘জুম্ম ছাত্র জনতা’ নামক ফেসবুক পেইজে রবিবার সকাল থেকে অবরোধ আবার বহাল রাখার আহ্বানে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফলে এদিন সকাল থেকে শহরতলীতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
তবে সাজেকে আটকে পড়া প্রায় ২ হাজার ১৪৭ জন পর্যটককে শনিবার রাতেই সেনাবাহিনীর বিশেষ প্রটোকলে পৌঁছানোর পর ঢাকার উদ্দেশে বিশেষ স্কটে নিয়ে যাওয়া হয়।
আন্দোলনকারী ‘জুম্ম ছাত্র জনতার’ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, প্রশাসন যদি আস্থা রাখার মতো মানসিকতা নিয়ে উত্থাপিত চারদফা দাবির প্রতি আন্তরিক হয় এবং আলোচনার মাধ্যমে জনস্বার্থে উদ্যোগ নেয়; তাহলে কর্মসূচির বিষয়ে ভাবা যেতে পারে।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খোন্দকার জানিয়েছেন, একটা স্থিতিশীল- সহিষ্ণু পরিবেশের জন্য সবার সম্মিলিত সহযোগী মানসিকতা প্রয়োজন। সব অংশীজনের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। দুর্গাপূজা- সর্ব সাধারণের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে প্রশাসনের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীও সর্বাত্মক কাজ করছে।
এর আগে গত মঙ্গলবার রাতে শহরের সিঙিনালায় এক স্কুলছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন অভিভাবকরা। অভিযোগ রয়েছে, দুই দুর্বৃত্ত ওই ছাত্রীকে ধর্ষণ করেছে। পরে শয়ন শীল নামে একজনকে আটক করে পুলিশ। ধর্ষণের প্রতিবাদে বুধবার শহরে ছাত্র-জনতার বিক্ষোভ থেকে বৃহস্পতিবার জেলাজুড়ে সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।
খবরওয়ালা/এফএস



