লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে নোঙর করে রাখা রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ভোরের দিকে রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ সংগ্রহের সময় জাহাজটি আক্রান্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূরপাল্লার ড্রোন হামলার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। হামলায় জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি বলে লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় সরকারের বরাতে জানা গেছে।
ঘটনার পরপরই ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ভোরের আলো ফোটার আগেই বন্দর এলাকায় থাকা জাহাজটি দাউদাউ আগুনে জ্বলছে এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণেও হামলার ভয়াবহতার প্রমাণ মিলেছে। উপগ্রহ চিত্র সেবাদাতা প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস পিবিসির ছবিতে দেখা যায়, স্থানীয় সময় ভোর ৫টা ৪৭ মিনিটে বেনগাজি বন্দরে জাহাজটিতে আগুন জ্বলছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা বিশ্লেষণ প্রতিষ্ঠান ভ্যান্টরের সংগ্রহ করা উচ্চ রেজল্যুশনের ছবিতে ক্ষয়ক্ষতির আরও স্পষ্ট চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্যমতে, শনিবারও রুশ নৌবাহিনীর করভেট শ্রেণির যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ বন্দরটিতে স্বাভাবিক অবস্থায় নোঙর করা ছিল। কিন্তু রোববার তোলা ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর জাহাজটির অধিকাংশ অংশ উল্টে পানিতে ডুবে গেছে। কেবল জাহাজটির সামনের দিকের সামান্য অংশ পানির ওপরে ভেসে থাকতে দেখা গেছে।
ভূমধ্যসাগরীয় অঞ্চলের এই বন্দরটিতে হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে জোরালো সন্দেহ করা হচ্ছে। যদিও এ বিষয়ে কিয়েভ বা মস্কো—কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। মস্কো থেকে লিবিয়ার বেনগাজির দূরত্ব দুই হাজার কিলোমিটারেরও বেশি। ইউক্রেনীয় ভূখণ্ড থেকে এত দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও প্রতিরক্ষা বিশ্লেষকেরা এটিকে ইউক্রেনের অভিযান বলেই মনে করছেন।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) লিবিয়া বিষয়ক বিশেষজ্ঞ জালেল হারচাউই মনে করেন, এ ক্ষেত্রে সন্দেহের অবকাশ খুবই কম। তাঁর ভাষায়, ‘এ ধরনের দুঃসাহসিক অভিযান পরিচালনা করার মতো সক্ষমতা ও সাহস ইউক্রেন ছাড়া আর কারও নেই। অর্থবাজি ধরতে হলেও আমি বলব, এটি ইউক্রেনেরই কাজ।’ হামলায় ইউক্রেনের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে এটিই হবে যুদ্ধক্ষেত্র থেকে এত দূরে তাদের চালানো প্রথম কোনো সফল আঘাত।
অন্যদিকে, ঘটনাটি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন ‘গভর্নমেন্ট অব ন্যাশনাল স্ট্যাবিলিটি’ (জিএনএস)। জাহাজটির নাম বা পরিচয় প্রকাশ না করে তারা জানিয়েছে, রোববারের বিস্ফোরণের উৎস এবং এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত চালানো হচ্ছে। নিজ দেশের বন্দরে থাকা জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে জিএনএস বলেছে, এ ধরনের আক্রমণ সামুদ্রিক নিরাপত্তার চরম লঙ্ঘন এবং লিবিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা সীমান্তের বাইরের কোনো সংঘাতের সঙ্গে লিবিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলেও তারা স্পষ্ট করেছে।
একই সুরে উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপোলিভিত্তিক লিবিয়ার জাতীয় ঐক্য সরকার (জিএনইউ)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিদেশি সংঘাতের জেরে লিবিয়ার বন্দর ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হলে সাধারণ মানুষের জীবন ও সম্পদ চরম হুমকির মুখে পড়বে। উল্লেখ্য, ২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকেই উত্তর আফ্রিকার দেশটি গভীর রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে লিবিয়া পূর্ব ও পশ্চিম—এই দুই প্রতিদ্বন্দ্বী প্রশাসনের নিয়ন্ত্রণে বিভক্ত হয়ে পরিচালিত হচ্ছে।


