শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি, ১৬ লাখ টাকার মালামাল লুট

জয়পুরহাটের কালাই পৌরসভার তালুকদারপাড়া মহল্লায় এক শিক্ষক দম্পতির বাড়িতে গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী আটজন ডাকাত দেড় লাখ টাকা নগদসহ ১৫ ভরি স্বর্ণালংকার, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল লুট করেছে।

কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক নাফসি তালুকদার ও ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক তাজমিনা তালুকদারের বাড়িতে সংঘটিত এই ডাকাতির ঘটনায় জানা গেছে, ডাকাতরা রামদা, চাপাতি ও ছুরি নিয়ে প্রথমে বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে ধরে হাত, পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। প্রায় এক ঘণ্টা ধরে বাড়ির প্রতিটি তলা ও ঘর তল্লাশি চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে।

নাফসি তালুকদার জানান, ‘ডাকাতরা ভোর ৪টার দিকে চলে যাওয়ার আগে হুমকি দেয়, ‘চিৎকার চেঁচামেচি করলে ভালো হবে না।’

তাজমিনা তালুকদার বলেন, ‘ডাকাতরা বাড়িতে ঢুকেই আমাদের হাত-পা বেঁধে ফেলে। ঘরের প্রতিটি জায়গা তল্লাশি করে নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল ফোন নিয়ে যায়।’

ঘটনার পর রবিবার সকালে জয়পুরহাটের সরকারি পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা ও কালাই থানার ওসি জাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দা সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল এই ঘটনাকে পরিকল্পিত ডাকাতি উল্লেখ করে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এই ঘটনা ঘটতে পারে।’

প্রতিবেশী ইসলাম তালুকদার জানান, ‘ভোর সাড়ে ৪টার দিকে তাজমিনা তালুকদার আমার বাড়িতে এসে ডাকাতির কথা জানালে আমি সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে সবকিছু তছনছ অবস্থায় ছিল।’

কালাই থানার ওসি জাহিদ হোসেন আজ দুপুরে জানান, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।