খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের অ্যাকশন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিল, যা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই এটি ডিএমপির ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়।
ডিএমপি নিউজ থেকে তৈরি করা ওই ফটোকার্ডে দাবি করা হয়েছিল, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলমের একটি ছবি এআই ব্যবহার করে বিকৃত করা হয়েছে, যেখানে তিনি একজন ছাত্রের মুখ চেপে ধরেছেন। ডিএমপি এই ছবিকে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও বাস্তবতা বিবর্জিত বলে নিন্দা জানায় এবং এতে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে অনুরোধ করে।
তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার মেটা ডেটা যাচাই করে জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি নয়, বরং এটি আসল।
এদিকে, ডিএমপির পোস্টটি নিয়ে ফেসবুকে অনেকেই সমালোচনা করেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ তার ফেসবুক পোস্টে বলেন, ডিএমপি পোস্টটি ডিলিট করেছে, তবে তাদের উচিত মিথ্যাচারের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া। তিনি আরও বলেন, ডিসি মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। ফাইয়াজের পোস্টে যুক্ত করা স্ক্রিনশট থেকে বোঝা যায়, থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং-এ মিথ্যা প্রমাণিত হওয়ায় ফেসবুক পোস্টটি দেখাচ্ছিল না।
এদিকে, শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ডিএমপি। অফিস আদেশে বলা হয়েছে, বুধবার (২৭ আগস্ট) বুয়েট ও অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়ে আন্দোলন করেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সময় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ বলপ্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কমিটি তিন কার্যদিবসের মধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে পুলিশের বলপ্রয়োগের কারণ এবং মাত্রার যথার্থতা নিরূপণ করে প্রতিবেদন জমা দেবে।
খবরওয়ালা/টিএসএন