শ্রীপুরে শ্রমিকদের ওপর বিএনপির লাঠিপেটা, কারখানায় ভাঙচুর

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের চৌরাস্তায় মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপি কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি কর্মীদের বিরুদ্ধে শ্রমিকদের লাঠিপেটা করার অভিযোগ উঠেছে, যাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। অন্যদিকে, বিক্ষুব্ধ শ্রমিকেরা দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আকস্মিক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় চৌরাস্তা এলাকার দোকানপাট দ্রুত বন্ধ করে দেন ব্যবসায়ীরা। একই সঙ্গে ব্যস্ততম শ্রীপুর-বরমী সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভার বৈরাগীরচালা, দক্ষিণ ভাংনাহাটি এবং শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়কের আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কয়েকটি দোকানে হামলার চেষ্টা চালান এবং শ্রীপুর-বরমী সড়কের গাড়ারন এলাকার আরবেলা পোশাক কারখানার দিকে অগ্রসর হতে থাকেন।
শ্রমিকেরা ওই কারখানায় গিয়ে ভাঙচুর চালাতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা চৌরাস্তায় এসে অবস্থান নেন। তাঁরা শ্রমিকদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। অভিযোগ উঠেছে, এ সময় বিএনপি কর্মীরা লাঠিসোঁটা নিয়ে কয়েকজন শ্রমিককে বেধড়ক মারধর করেন। লাঠিপেটার মুখে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সতর্ক অবস্থান গ্রহণ করে।
চৌরাস্তার এই ঘটনার পাশাপাশি দক্ষিণ ভাংনাহাটি এলাকায় অবস্থিত রাতুল অ্যাপারেলস পোশাক কারখানায় হামলা চালান শ্রমিকেরা। তাঁরা কারখানা ভবনের জানালার কাচ ভাঙচুর করেন এবং ভেতরে রাখা একটি প্রাইভেট কার ও একটি হায়েস মাইক্রোবাসে ব্যাপক ক্ষতিসাধন করেন। শিল্পাঞ্চলের কারখানাগুলোতে এমন অস্থিরতায় মালিকপক্ষ ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।
এ ঘটনার ব্যাখ্যা দিয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মন্ডল আজাদ দাবি করেন, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল মিল, দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টস লিমিটেড এবং রাতুল অ্যাপারেলসের শ্রমিকদের সঙ্গে মিশে ‘ফ্যাসিস্ট দলের’ নেতাকর্মীরা গড়ারন এলাকার আরেবেলা ফ্যাশন লিমিটেডে ভাঙচুর চালানোর উদ্দেশ্যে শ্রীপুর চৌরাস্তায় জড়ো হয়েছিলেন। সেখানে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি প্রাইভেট কার ভাঙচুর করেন এবং কয়েকটি দোকানে হামলা চালান।
খাইরুল কবির মন্ডল আজাদ আরও বলেন, শ্রমিকেরা তাঁদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করতেই পারেন। কিন্তু আন্দোলনের নামে দোকানপাটে হামলা, ভাঙচুর কিংবা মালামাল লুটপাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সাধারণ পোশাকশ্রমিকদের ভিড়ে মিশে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা ভাঙচুর ও লুটপাটের অপচেষ্টা চালিয়েছিলেন, যা বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করেছেন।
এদিকে, শ্রীপুর পৌর চৌরাস্তার এই সংঘর্ষ ও কারখানা ভাঙচুরের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাননি বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম। তিনি জানান, ঘটনার সময় তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন, কারণ মহাসড়কের চৌরাস্তা এলাকাতেও তখন শ্রমিকদের বিক্ষোভ চলছিল। ফলে পৌর শহরের ভেতরের চৌরাস্তায় হামলা ও ভাঙচুরের বিষয়টি তাঁর জানা নেই।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।