সংঘাত নয়, আলোচনার পথে ভারতকে আহ্বান পাক উপপ্রধানমন্ত্রীর

ভারত-পাকিস্তান সম্পর্কের চলমান উত্তেজনার মধ্যে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানালেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আন্তর্জাতিক মহলের চাপ, সীমান্তে সামরিক উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে তিনি আশা প্রকাশ করেছেন, ভারত সংঘাতের পথ পরিহার করে আলোচনায় ফিরবে। দেশটির সংবাদমাধ্য জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, ‘ভারতের যদি ন্যূনতম বিবেচনাবোধ থাকে, তাহলে তাদের উচিত সংঘাত বন্ধ করে আলোচনায় আসা। তারা যদি (হামলা) থামায়, তাহলে আমরাও থামব, কারণ আমরা ধ্বংস ও অর্থের অপচয় চাই না। দুই দেশের অর্থনীতি ভিন্ন, কিন্তু আমরা সাধারণভাবে শান্তি চাই।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিশ্ব ইতোমধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। অনেক বিশ্বনেতার সঙ্গে আমার কথাও হয়েছে। আমরা চাই ভারতও আন্তর্জাতিক বিশ্বের বার্তাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করুক এবং সংলাপে আসুক।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় এক ভয়াবহ হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যাদের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। এই ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেয়—যেমন সিন্ধু নদ চুক্তি পুনর্বিবেচনা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল ও কূটনীতিক বহিষ্কার। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে ও ভিসা বাতিলসহ কয়েকটি পদক্ষেপ নেয়। এই উত্তেজনার মধ্যেই ভারত ৩০ এপ্রিল ‘অপারেশন সিঁদুর’ চালায়, যাতে পাকিস্তানি পক্ষ দাবি করেছে ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। জবাবে ৩ মে পাকিস্তান চালায় ‘অপারেশন বুনিয়া নুম মারসুস’, যার আওতায় ভারতের অন্তত ১১টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়

এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, ‘তারা (ভারত) সীমান্ত বন্ধ করেছে, আমাদের কূটনীতিকদের বহিষ্কার করেছে, আমাদের বিরুদ্ধে যাচ্ছেতাই অভিযোগ এনেছে এবং সেই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ এখনও প্রদান করেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা যা করছি, তা কোনো আক্রমণাত্মক যুদ্ধ নয়। আমরা শুধু ভারতের নিষ্ঠুরতার জবাব দিচ্ছি। আমাদের সামরিক অভিযান সুনির্দিষ্ট এবং বিশ্ব ইতোমধ্যে জেনে গেছে যে আমরা কেবল আত্মরক্ষার্থে এই অভিযান শুরু করেছি।’

গতকাল শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। ফোনালাপে তিনি দুই দেশের উত্তেজনা প্রশমনের আহ্বান জানানোর পাশাপাশি বলেছেন, ‘যদি ভারত ও পাকিস্তান সংঘাতের পথ পরিহার করে আলোচনায় আসতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র এতে সহযোগিতা করবে।’

জিও নিউজকে ইসহাক দার বলেন, ‘ভারত যে ভুল পথে আছে, তা তাদেরকে বোঝানো এখন আন্তর্জাতিক বিশ্বের দায়িত্ব। আমাদের পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের ন্যায্য অধিকারের আওতাধীন। বিজয় পাকিস্তানের হবে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।