সম্পত্তি নিয়ে বৃদ্ধ মাকে মারধর: দুই সন্তান গ্রেপ্তার, জামাতা পলাতক

চট্টগ্রামের পটিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ উঠেছে তার দুই সন্তান ও জামাতার বিরুদ্ধে। গুরুতর আহত নুর জাহান বেগম (৬৭) এ ঘটনায় সন্তানদের বিরুদ্ধে মামলা করেছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর মনসা গ্রামের বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে।

অভিযোগে জানা যায়, ছেলে তাজুল ইসলাম টিটু (২৭), মেয়ে ডলি আক্তার (৩০) ও জামাতা শফিউল করিম মিলে নুর জাহান বেগমকে পৈতৃক সম্পত্তি নিয়ে নির্যাতন চালিয়ে আহত করেন।

পরদিন সোমবার (১৮ আগস্ট) রাতে ভুক্তভোগী বাদী হয়ে তিনজনকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছেলে টিটু ও মেয়ে ডলিকে গ্রেপ্তার করে। পরে দুপুরে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে জামাতা শফিউল করিম এখনও পলাতক রয়েছেন।

প্রতিবেশীরা বলেছেন, সন্তানদের হাতে মায়ের ওপর হামলা শুধু পারিবারিক সংকট নয়, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার চরম অবক্ষয়। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, একজন মায়ের ওপর সন্তানের হামলা অত্যন্ত মর্মান্তিক। মামলা হওয়ার পরপরই পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।