খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর নেতৃত্বে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, বিমানবাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন ট্রাম্প। এর পাশাপাশি আরও পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকেও বরখাস্ত করা হয়েছে।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে পেন্টাগনে অস্থিরতা সৃষ্টি হয়েছে। জানা গেছে, ব্রাউনের জায়গায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান ‘রাজিন’ কেইনকে ফিরিয়ে আনা হচ্ছে। তিনি ফ-১৬ যুদ্ধবিমানের সাবেক পাইলট ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে (সিআইএ) সামরিকবিষয়ক সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, নৌবাহিনীর প্রথম নারী প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি ও বিমানবাহিনীর উপপ্রধানসহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের পদে পরিবর্তন আসতে যাচ্ছে।
এ পরিবর্তনকে অনেকেই পেন্টাগনের বেসামরিক কর্মীদের ব্যাপক ছাঁটাই, প্রতিরক্ষা বাজেটে নাটকীয় পরিবর্তন এবং সেনা অবস্থান বদলের ধারাবাহিকতা হিসেবে দেখতে পাচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত সামরিক বাহিনীতে একটি নতুন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।
এদিকে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই ইস্যুতে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি জেনারেল চার্লসকে ‘ভালো ও ভদ্রলোক’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে, সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প লেখেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আমি আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি। এসব খুব দ্রুতই ঘোষণা করা হবে।’
ট্রাম্প গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করে সেটির সূচনা করেছেন তিনি।
খবরওয়ালা/জেআর