খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই ২০২৫
ঢাকা, খুলনা ও চাঁদপুরে একাধিক হত্যা ও সহিংস ঘটনার প্রতিবাদে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই সহিংসতা রোধে দেশের সচেতন মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, “ঢাকার মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে যুবদল কর্মী মঈন ও তার সহযোগীরা প্রকাশ্যে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। এটি প্রমাণ করে রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে।”
নেতারা আরও বলেন, “খুলনায় বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও রগ কেটে হত্যা এবং চাঁদপুরে জুমার নামাজের পর ধর্ম অবমাননার অভিযোগ তুলে মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে কুপিয়ে জখম করার ঘটনা সাম্প্রতিক সময়ে সহিংসতা ও উগ্রতার উদ্বেগজনক মাত্রা নির্দেশ করে।”
সিপিবি মনে করে, এসব ঘটনা সমাজে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামাজিক সংকটেরই বহিঃপ্রকাশ। বিবৃতিতে বলা হয়, “সহিংসতা, বিচারহীনতা ও উগ্রতা সমাজকে গ্রাস করছে। ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে এই বর্বরতা বন্ধ হবে না।”
দলটির নেতারা অবিলম্বে এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্ত্রাস ও অপরাধের জায়গা যেন না হয়, তা নিশ্চিত করতে হবে।”
সিপিবি নেতারা আশাবাদ ব্যক্ত করেন, দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিগুলো ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুললে সমাজ থেকে সহিংসতা ও অন্যায়ের সংস্কৃতি রুখে দেওয়া সম্ভব হবে।
খবরওয়ালা/আশ