সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন করা হয়েছে। এতে শিবচর উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

রবিবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে শিবচর সড়ক ৭১ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বক্তারা এ সময় দ্রুত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ, সহসভাপতি আবুল খায়ের মনির, বিজয় টিভি মাদারীপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খান, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, দীপ্ত টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা, গ্লোবাল টেলিভিশন-এর মাদারীপুর জেলা প্রতিনিধি কাইয়ুম শেখ, নয়াদিগন্ত পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি শাহিন মিয়া, দৈনিক মানবজমিন পত্রিকা শিবচর উপজেলা প্রতিনিধি বিএম হায়দার আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে একদল দুর্বৃত্ত। ভয়ে দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন তুহিন। পরে দোকানের ভেতর ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ওই সাংবাদিককে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই হত্যাকাণ্ডে শুক্রবার (৮ আগস্ট) সকালে সাংবাদিক আসাদুজ্জামানের বড়ভাই সেলিম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও পিবিআই আলাদাভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে।

নিহত আসাদুজ্জামান তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবারসহ থাকতেন গাজীপুর নগরের চৌরাস্তা এলাকায়।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।