সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু, পুলিশের ওপর হামলায় গ্রেফতার ৪

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার দুই বছরের কন্যাসন্তানের নির্মম মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। এ সময় উদ্ধারকাজে যাওয়া পুলিশের গাড়ি ভাঙচুর, দায়িত্বরত সদস্যদের ওপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এসব অভিযোগে পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে।
শনিবার সকালে পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানো, সরকারি কাজে বাধা, সরকারি সম্পদ বিনষ্ট ও সড়ক পরিবহন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মীরনগর ও রসুলাবাদ এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. হাসিবুল ইসলাম (২২), মোহাম্মদ হোসাইন (৩০), লিয়াকত সিকদার (২৪) এবং মো. আজাহার সিকদার (১৯)। তারা সবাই কালিয়াইশ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের নয়াখালের উত্তর পাশে ডিবিএম ইটভাটা এলাকায় একটি দ্রুতগতির বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী দেলোয়ার হোসেন (৩২) ও তার দুই বছর বয়সি শিশুকন্যা ওয়াসিফার মর্মান্তিক মৃত্যু হয়। একই সঙ্গে দেলোয়ারের পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। টানা দুই ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকায় সড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার সাধারণ যাত্রী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে দোহাজারী হাইওয়ে পুলিশ এবং পরবর্তীতে সাতকানিয়া থানা পুলিশের একটি টহল দল উপ-পরিদর্শক (এসআই) জাহেদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, উশৃঙ্খল কিছু লোক পুলিশের ওপর চড়াও হয় এবং ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে এক পুলিশ সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং এতে একজন পুলিশ সদস্য আহত হন। এমনকি খবর পেয়ে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের কর্মীদেরও দুর্ঘটনাস্থলে ঢুকতে বাধা দেওয়া হয়।
এসআই জাহেদ ঘটনার বিবরণ দিয়ে জানান, তারা মূলত দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠাতে এবং সড়ক সচল করতে যাচ্ছিলেন, তখনই অশুভ উদ্দেশ্যে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
পরবর্তীতে খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হলেও আইন নিজের হাতে তুলে নেওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনা বরদাশত করা হবে না। ঘটনায় জড়িত বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।