সাত ঘণ্টা পর শাহবাগ ছাড়ল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে নামা ছাত্রদল নেতাকর্মীরা। বৃহস্পতিবার ( ২২ মে) সকাল দশটার দিকে তারা শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবরোধ করে। টানা সাত ঘণ্টা অবরোধের পর সরে গেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

বিকেল পাঁচটার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এদিনের মতো অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দৃশ্যমান অগ্রগতির দাবি জানান।

শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

অবস্থান কর্মসূচির সময় তারা ‘ ‘কী করো ইন্টেরিম, নয় দিন হয়ে গেল, কেউ কিছু জানে না’, ‘আর চাই না, আর চাই না এনএসআইয়ের প্রক্টর,’ ‘ক্যাম্পাসে লাশ ঝুলে, প্রক্টর কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’,‘এই লড়াইয়ে জিতবে কারা, শহীদ জিয়ার সৈনিকেরা’, ‘বিচার বিচার বিচার চাই ,সাম্য হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’  ইত্যাদি স্লোগান দেন।

শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ, ঢাকা মহানগর পূর্বসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। আর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে রাজধানীর সরকারি বাঙলা কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা মহানগর পশ্চিমসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা অবস্থান নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের নেতা-কর্মীরা অভিযোগ করেন, শাহরিয়ার আলম সাম্য হত্যার ৯ দিন পার হলেও প্রশাসন জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। তারা দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।

কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা বৃষ্টি উপেক্ষা করেও কর্মসূচি অব্যাহত রেখেছি। নেতা-কর্মীরা সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাস্তায় থাকতে প্রস্তুত।’

অন্তর্বর্তী সরকারকে ছাত্রদল নেতা-কর্মীদের মনোভাব বোঝার আহ্বান জানিয়ে রাকিবুল বলেন, ‘আমরা সব সময় শান্ত থাকব না। সাম্য হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

রাকিবুল ইসলাম বলেন, সাম্য হত্যাকাণ্ডের ৯ দিন পার হলেও প্রশাসন তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে। কিন্তু এই তিনজন খুনের সঙ্গে জড়িত কি না, এ বিষয়ে প্রশাসন তাঁদের আশ্বস্ত করতে পারেনি।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।