সাভার, আশুলিয়া ও গাবতলী এলাকার পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) ভোরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকসংলগ্ন স্থান এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে সাভার ও গাবতলীতে আরও দুটি বাস পুড়িয়ে দেওয়া হয়।
পুলিশের দাবি, নাশকতাকারীরা যাত্রীবাহী বাসের ছদ্মবেশে হানিফ পরিবহনের রং ও নকল ব্যানার ব্যবহার করে একটি বাস নিয়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। ওই বাসে করে তারা পেট্রল বোমা, মশাল এবং ঝটিকা মিছিলের সরঞ্জাম বহন করছিল। মূলত এলাকাগুলোতে আতঙ্ক সৃষ্টি ও যানবাহনে অগ্নিসংযোগের বড় ধরনের পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছিল।
এই ঘটনার সূত্র ধরে শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় যৌথ অভিযান চালায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাভার মডেল থানা পুলিশ। অভিযানে শ্রমিক লীগের ছয় নেতা-কর্মীকে গ্রেফতার করা হয় এবং নাশকতায় ব্যবহৃত নকল ব্যানারযুক্ত বাসটি জব্দ করা হয়। গ্রেফতারদের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার রয়েছেন, যিনি জব্দ করা বাসটির মালিক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজধানীর গাবতলী এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেওয়ার চেষ্টার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে ছুটে যায়। পুলিশের ধাওয়া খেয়ে সন্দেহভাজনরা আগুন দিতে ব্যর্থ হয়ে মশাল, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাদের ছদ্মবেশী বাসটিতে করে পালানোর চেষ্টা করে। পুলিশ একাধিক দলে বিভক্ত হয়ে বাসটির পিছু নেয় এবং বলিয়ারপুর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে গতিরোধের চেষ্টা চালালে একপর্যায়ে রাতেই রাজফুলবাড়িয়া এলাকা থেকে ডিবি পুলিশ বাসটি আটক করতে সক্ষম হয়।
তল্লাশিকালে বাসটির ভেতর থেকে পেট্রল, পেট্রলভর্তি বোতল, বস্তা কেটে ও বাঁশের সঙ্গে বেঁধে তৈরি করা বিপুল পরিমাণ মশাল, ব্যানার এবং নাশকতার অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। সেখান থেকে ছয়জনকে আটক করার পর ট্যানারি ফাঁড়ি পুলিশ হেমায়েতপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে। সব মিলিয়ে এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় নয়জনে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, নকল হানিফ পরিবহনের পরিচয়ে বাসটি ব্যবহার করে সাভারের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও অগ্নিসংযোগের চেষ্টার গোয়েন্দা তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল। বাসটির গতিবিধি নজরদারিতে রেখে ধাওয়া দিয়ে রাজফুলবাড়িয়া থেকে সেটি আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই নাশকতা পরিকল্পনার নেপথ্যে থাকা অন্যদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং পলাতকদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে শনিবার ভোরে আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা বাস দুটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়। তবে বাসগুলো পার্কিং অবস্থায় খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।


