সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রীসহ নতুন আসামির তালিকায় যারা

আদালতের নির্দেশে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর একটি হত্যা মামলা দায়ের করা হলো। মামলাটিতে প্রয়াত নায়কের সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগটি সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় নথিভুক্ত করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এজাহারটি মামলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ঘটনাটির তদন্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

মামলার এজাহারে অভিযুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, এছাড়াও অভিযুক্ত তালিকায় নাম আছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খল অভিনেতা ডনসহ আরও কয়েকজনের। মোট ১১ জন অভিযুক্ত ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলা প্রসঙ্গে আলমগীর কুমকুম বলেন, ‘সালমান শাহর বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি এই অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তর করার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন। চেষ্টা করতে করতেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। এখন এত বছর পর এই মামলা হলো। ইনশাআল্লাহ, এটা প্রমাণ হবে যে এটি হত্যা নাকি আত্মহত্যা। আপনারা এবং দেশবাসী জানতে ও দেখতে পারবেন যে এটি হত্যা প্রমাণিত হবে।’

এর আগে, অভিনেতা সালমান শাহ হত্যা মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই হত্যা মামলা চালিয়ে যাওয়ার আদেশ দেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসভবনে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মৃতদেহ পাওয়া যায়। এরপরই শুরু হয় দীর্ঘ তদন্ত প্রক্রিয়া, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যুর অভিযোগ হিসেবেই চলছিল। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছিল যে সালমান শাহ আত্মহত্যা করেছিলেন।

তবে সালমান শাহর মা নীলা চৌধুরী প্রথম থেকেই ওই প্রতিবেদন অস্বীকার করে আসছেন এবং তিনি দাবি করেন যে তার পুত্রকে খুন করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।