‘সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস?’- গৃহকর্তার গালে থাপ্পড় দিয়ে ডাকাতের প্রশ্ন

কক্সবাজারের চকরিয়ায় বসতঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকার সময় ডাকাতরা সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে দিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চালিয়েছে। এ সময় এক ডাকাত অস্ত্রের মুখে গৃহকর্তার গালে থাপ্পড় মেরে বলে, ‘পুরো বসতঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস?’

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই বাড়িতে বসবাস করেন ব্যবসায়ী তিন ভাই—হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন ও জালাল উদ্দিন। ডাকাতরা ওই বাড়ির তিনটি আলমারি থেকে চার ভরি সোনা, প্রায় দুই লাখ টাকা এবং দুটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহবার সাকিব। তিনি জানান, ঘটনাস্থল থেকে ডাকাতির আলামত পাওয়া গেছে এবং পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত করছে। ডাকাতির শিকার পরিবার রাত ১০টা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি।

নিরাপত্তার জন্য বাড়ির বাইরে ও ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন মালিক জালাল উদ্দিন। ভোররাতে ১০–১২ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত মূল দরজা এড়িয়ে একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রেখে তিন ভাইয়ের রুম থেকে সোনা, টাকা ও মুঠোফোন লুট করে নেয়।

ভুক্তভোগী জালাল উদ্দিন জানান, সিসিটিভি ক্যামেরা লাগানোর কারণ জানতে চেয়ে ডাকাত দলের একজন তাকে চড় মারে। তবে অন্য সদস্যদের গায়ে হাত তোলা হয়নি।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।