সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন মুজিব মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।

পুলিশ ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, রাতে রাসেল মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত মুদিদোকানি আনসার মিয়া বলেন, ‘আগুন লাগার সংবাদ পেয়ে এসে দেখি, সব চোখের সামনে পুড়ছে। নতুন দোকান খুলেছিলাম। সব পুড়ে গেছে। ৩ লাখ টাকার মালপত্র ছিল।’

মার্কেটের মালিক মুজিবুর রহমান বলেন, ‘আগুনে ছয়টি দোকানের সবকিছু পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা ঘটনাস্থলে আসেনি।’

যোগাযোগ করা হলে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মুর্শেদ আলম বলেন, ‘সংবাদ পেয়ে আমরা দ্রুত বের হই; কিন্তু রাস্তার জন্য সেখানে যেতে পারিনি। ঘটনাস্থলের প্রায় দেড় কিলোমিটার সামনে থেকে আমাদের ফিরে আসতে হয়। শুনেছি, স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।’

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।