নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ই এপ্রিল ২০২৫, ৯:৩৬ পিএম
সুন্দরবনের ১০ কিলোমিটার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সীমার মধ্যে নতুন করে আর কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির ১৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সভায় জানানো হয়, ২০১৭ সালে জাতীয় পরিবেশ কমিটির ৩.৪.৪ নম্বর সিদ্ধান্ত এবং ২০২১ সালের নির্বাহী কমিটির সিদ্ধান্ত সংশোধন করে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সুন্দরবনের ১০ কিলোমিটার ইসিএ এলাকায় পূর্বে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিবেশগত প্রভাব নিরুপণে নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে মূল্যায়ন করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী মূল্যায়নের ভিত্তিতে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় আরও জানানো হয়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিধিমালা সংশোধনের মাধ্যমে এখন থেকে সরকারি ও বেসরকারি সংস্থা এবং এনজিও একত্রে প্রকল্প প্রস্তাব দিতে পারবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে মতামত গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া, পরিবেশ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট বাজেটে অতিরিক্ত বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হবে বলে সভায় জানানো হয়। বন অধিদপ্তরের কর্মচারীদের ঝুঁকিভাতা চালু ও তা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবও উপস্থাপন করা হয়।
সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে সরকারি ও বেসরকারি সব ভবন নির্মাণে কমপক্ষে ৩০ শতাংশ ব্লক ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এই বিষয়ে সচিব পর্যায়ে মে মাসে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীরপ্রতীক, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ফারজানা মমতাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সভায় গত বৈঠকের কার্যক্রম ও সিদ্ধান্ত উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কমিটির সদস্য সচিব ড. ফাহমিদা খানম।
খবরওয়ালা/আরডি
মন্তব্য