খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবে বৈঠকে বসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তবে এটি কোনো শান্তি আলোচনা নয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বৈঠকে যুদ্ধ শেষ করার বিষয়ে রাশিয়ার আন্তরিকতা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৈঠকে বসেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।
তবে, ইউক্রেন বা ইউরোপীয় প্রতিনিধিরা এতে উপস্থিত থাকছেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভের অংশগ্রহণ ছাড়া তিনি চুক্তিকে স্বীকৃতি দেবেন না।
এদিকে গতকালই কিয়েভের সম্ভাব্য শান্তি নিয়ে জরুরি আলোচনায় বসেন ইউরোপীয় নেতারা। প্যারিসে অনুষ্ঠিত এই আলোচনায় ব্রিটেনের লেবার পার্টির নেতা সার কির স্টারমার ইউরোপীয় বাহিনী পাঠানোর পক্ষে মত দেন, যা ফ্রান্স এবং সুইডেন সমর্থন করেছে। তবে, জার্মানি এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে, চ্যান্সেলর ওলাফ শোলজ এটিকে অকালপক্ব মতামত বলে অভিহিত করেছেন।
খবরওয়ালা/জেআর