স্ত্রীসহ সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৩ আগস্ট) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক এমপি বীর বাহাদুর উশৈসিং ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে, তাঁর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, তাঁর স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধেও ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৮১৪ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

দুদক জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতার পটপরিবর্তনের পরপরই বীর বাহাদুর এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে কমিশন। একই মাসে আদালতের আদেশে বীর বাহাদুর, তাঁর স্ত্রী মে হ্লা প্রু এবং তাঁদের তিন সন্তান—উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

দুদক সূত্র বলছে, এই অনুসন্ধানের সময় তাঁরা বিভিন্ন ব্যাংক হিসাব, সম্পত্তি রেকর্ড, লেনদেন ও স্থানীয় সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।