হবিগঞ্জে চাঁদাবাজের কবলে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী, ছাত্রদল নেতাসহ আটক ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীসহ দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১৫ আগস্ট) ভোরে তাঁদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক অপরজন হলেন জামিলের সহযোগী মোনায়েম খান। তিনিও ছাত্রদলের কর্মী।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ আগস্ট) দুপুরে মাধবপুর উপজেলার গাজীপুর গ্রামে স্বজনের বাড়িতে বেড়াতে আসেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের অরূপ চৌধুরী (৩০) ও তাঁর স্ত্রী রাহেলা আখতার (২২)। বেড়ানো শেষে একই দিন বেলা সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তাঁরা। উপজেলার গাজীপুর গ্রামের সেতুর কাছে আসার পর ছাত্রদলের নেতা জামিল চৌধুরীর নেতৃত্বে পাঁচ থেকে সাতজন ব্যক্তি তাঁদের গতি রোধ করেন।

স্থানীয় সূত্র জানায়, জামিল চৌধুরী অরূপ চৌধুরীকে আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে আখ্যা দিয়ে তাঁদের পুলিশে দেওয়ার ভয় দেখান। একপর্যায়ে জামিল তাঁদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে অরূপ চৌধুরী মুঠোফোন ব্যাংকিংয়ের মাধ্যমে দেড় লাখ টাকা দিয়ে ছাড়া পান। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান এলাকাবাসী।

পুলিশ সূত্র জানায়, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মাধবপুরের শাহজীবাজার সেনা ক্যাম্পের একটি দল শুক্রবার ভোরে মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয় জামিল চৌধুরীকে। পরে সেনাসদস্যরা পাশের বাঘাসুরা গ্রামে অভিযান চালিয়ে জামিলের সহযোগী মোনায়েমকে (২৫) আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লাহ বলেন, ‘সেনাসদস্যরা আটক দুজনকে শুক্রবার বেলা তিনটার দিকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা রাস্তায় গতি রোধ করে মামলার ভয় দেখিয়ে এক দম্পতির কাছে চাঁদাবাজি করেন। পাশাপাশি তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ৯০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।