হাইকোর্টের আদেশ স্থগিত, নির্বাচনে অংশ নিতে বাধা নেই ১৫ ক্লাবের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করার হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।

নাখালপাড়া ক্রিকেটার্স ক্লাবের করা আবেদন শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আজ রবিবার এ আদেশ দেন।

এর ফলে, ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধিরা বিসিবির আগামীকালের নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন বোর্ডের আইনজীবী মাহিন এম রহমান।

এর আগে, গত আওয়ামী লীগ সরকারের সময়ে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধিদের নাম রেখে গত ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বিসিবির নির্বাচন কমিশন। ভোটার তালিকায় ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম অন্তর্ভুক্তির বৈধতা নিয়ে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে রিট করেন।

রিটের প্রাথমিক শুনানি শেষে ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নাখালপাড়া ক্রিকেটার্স ক্লাব আপিল বিভাগে আবেদন করলে আজ তা আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হয়।

আদালতে নাখালপাড়া ক্রিকেটার্স ক্লাবের পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস, আইনজীবী কায়সার কামাল ও মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান, সঙ্গে ছিলেন আইনজীবী মো. জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

রিট আবেদন থেকে জানা যায়, ১৫টি ক্লাব হলো এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, প্যাসিফিক ক্রিকেট একাডেমি, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস ক্রিকেট একাডেমি, নাখালপাড়া ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ক্লাবের তৃতীয় বিভাগ বাছাই পার হওয়ার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না। বিষয়টি নিয়ে প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশও করা হয়েছে। বিসিবির নির্বাচন কমিশন ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ১৫টি ক্লাবকে রাখেনি, তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্লাবগুলোর আপিল করার সুযোগ ছিল। আপিল গ্রহণ ও নিষ্পত্তি করে ২৬ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ১৫টি ক্লাবের প্রতিনিধিদের নাম অন্তর্ভুক্ত করা হয়।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।