হাজতে সন্তান কোলে ছাত্রলীগ নেতার ছবি, দায়িত্বরত ২ পুলিশ প্রত্যাহার

হবিগঞ্জ জেলা আদালতের হাজতখানায় ছাত্রলীগ নেতার কোলে সদ্যজাত শিশুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশে কোর্ট পুলিশের এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়াকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার হাজিরার জন্য জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়। এ সময় তার স্ত্রী সদ্য জন্ম নেওয়া শিশুকে সঙ্গে করে আদালতে নিয়ে আসেন। জাকির পুলিশের কাছে অনুরোধ করেন শিশুকে একবার কোলে নেওয়ার জন্য। পরে পুলিশ অনুমতি দিলে সেই মুহূর্তের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্বে গাফিলতির অভিযোগে দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হাতে গত ১৫ জানুয়ারি শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে আটক হন জাকির হোসেন। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।