খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা মফস্বল ডেস্ক: শেখ হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে তাকে যদি ৩১ বারও ফাঁসি দেয়া হয় তাও তার বিচার শেষ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলের দিকে কুমিল্লার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বুলু বলেন, শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের সাথে বেঈমানি করেছে। তার মেয়ে শেখ হাসিনাও একইভাবে বাঙালি জাতির সাথে দেশের সাথে বেঈমানি করেছে। এদেশের হাজার হাজার নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, এদেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে গুম করেছে। এদেশের ২৭ হাজার কোটি টাকা নিয়ে ভারতে পালিয়েছে। তার বিচার এই বাংলার মাটিতে হবে। হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে তাকে যদি ৩১ বারও ফাঁসি দেওয়া হয়; তাও তার বিচার শেষ হবে না।
স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বুলু বলেন, শেখ মুজিব পাকিস্তানীদের কাছে জমাই আদরে আত্মসমর্পণ করে আত্মগোপন করেছিলেন। তখন এই বাঙ্গালী জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না। ২৬ মার্চ চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সকল সেনা বাহিনীর সদস্যদের বলেছিলেন, আমরা আজ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। আর এই ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।
বুলু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, শেখ পরিবারের কেউ যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকে এমন প্রমাণ যদি কেউ দিতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব।
সম্মেলনে উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আতিকুল আলম শাওনকে সভাপতি, মো. কাজী আশরাদ কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট চান্দিনা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আহ্বায়ক এবিএম সিরাজুল ইসলামকে সভাপতি ও সদস্য সচিব সাবেক পৌর মেয়র মো. আলমগীর খাঁনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপি’র কমিটি গঠন করা হয়।
চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খাঁন, উপজেলা যুবদল আহ্বায়ক মাও. আবুল খায়ের। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
খবরওয়ালা/আরডি