১৩ জেলায় এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানির প্রমাণ পেয়েছে দুদক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় ঘুষ গ্রহণ, হয়রানি এবং দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগের ভিত্তিতে দেশের ১৩টি জেলা নির্বাচন অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 সোমবার (২৩ জুন )সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে দুদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

একযোগে অভিযান চালানো জেলাগুলো হলো—রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, পাবনা, নওগাঁ, দিনাজপুর, বরিশাল, বগুড়া, জামালপুর, পটুয়াখালী, ঠাকুরগাঁও ও পিরোজপুর।

দুদক জানায়, রংপুর জেলা নির্বাচন অফিসে এনআইডি’র সত্যায়িত কপি নিতে গিয়ে পাসপোর্ট প্রত্যাশীদের ঘুষ ও হয়রানির অভিযোগে ছদ্মবেশে অভিযান চালানো হয়। অভিযানের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

রাজশাহীতে অনলাইনে আবেদন জমা দেওয়ার বিধান থাকলেও কিছু কর্মচারী রসিদ ছাড়া নগদ অর্থ গ্রহণ করে এনআইডি ভেরিফিকেশন করছেন—এমন প্রমাণ পাওয়া গেছে।

কুড়িগ্রামে ২০২২ সালের একটি আবেদন তিন বছর পর খারিজ করা হয়, যা অনিয়ম হিসেবে চিহ্নিত হয়। একাধিক নারী ভুক্তভোগীর বক্তব্য ও দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়া যায়।

ময়মনসিংহে সেবাগ্রহীতা ও কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে দুদক।

পাবনায় এনআইডি সংশোধনের ক্ষেত্রে অনলাইন আবেদনে অস্বাভাবিক বিলম্বের সত্যতা মিলেছে এবং বিষয়টি দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে।

নওগাঁ ও দিনাজপুরে ছদ্মবেশে অভিযান চালিয়ে সরাসরি সেবাগ্রহীতাদের অভিযোগ নেওয়া হয় এবং কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়।

বরিশালে অভিযোগ ওঠে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় বারবার সার্ভার সমস্যার মুখে পড়তে হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া বগুড়া, জামালপুর, পটুয়াখালী, ঠাকুরগাঁও ও পিরোজপুরে পরিচালিত অভিযানে তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা চিহ্নিত করে সমাধান দেওয়া হয়।

দুদক সূত্র জানিয়েছে, শুধু এনআইডি নয়, সরকারি বিভিন্ন সেবায় অনিয়ম ও দুর্নীতি বন্ধে নিয়মিতভাবে এমন অভিযান চালানো হবে। দুর্নীতিমুক্ত জনসেবা নিশ্চিত করতেই এই কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানানো হয়।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।