খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
৪৪তম বিসিএসের প্রকাশিত ফলাফলে সমপদে বা পছন্দের তালিকার নিম্নতম পদে সুপারিশপ্রাপ্তদের সুপারিশ বাতিল করে অধিযাচিত পদগুলোতে উত্তীর্ণ অন্য প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী পুনরায় ফল প্রকাশ চেয়ে করা আবেদনটি দ্রুত নিষ্পত্তির জন্য সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম মাহিদুল ইসলাম সজীব এবং পিএসসির পক্ষে ছিলেন আইনজীবী মো. হেলাল উদ্দিন চৌধুরী।
আইনজীবী এস এম মাহিদুল ইসলাম জানান, রুল জারি করে জানতে চাওয়া হয়েছে, পুনরায় ফল প্রকাশের আবেদন নিষ্পত্তিতে সরকারি কর্ম কমিশনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না। একইসঙ্গে আবেদনকারীদের বিধি অনুসারে উপযুক্ত ক্যাডার ও নন-ক্যাডারে শূন্য পদগুলোতে নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল গত ৩০ জুন প্রকাশিত হয়, যেখানে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়।
প্রকাশিত ফলাফলে একই বা পছন্দের নিম্নতম পদে পুনরায় সুপারিশপ্রাপ্তদের সুপারিশ বাতিল করে অধিযাচিত পদগুলোতে উত্তীর্ণ অন্যান্য প্রার্থীদের মেধাক্রম অনুসারে পুনরায় ফল প্রকাশের অনুরোধ জানিয়ে গত ১৪ জুলাই পিএসসির চেয়ারম্যান বরাবর আবেদন করেন মনোনয়নবঞ্চিত আফজাল হোসেনসহ কয়েকজন।
তাদের আবেদনে উল্লেখ করা হয়, মৌখিক পরীক্ষার আগে পছন্দের পদ পূরণের সুযোগ না থাকায় পূর্ববর্তী বিসিএসগুলোতে নিয়োগপ্রাপ্ত প্রায় ৮০০ প্রার্থী ৪৪তম বিসিএসে সমপদে বা পছন্দের নিম্নতম পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যাদের এই পদে যোগদানের সম্ভাবনা নেই।
ওই আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে আফজাল হোসেনসহ কয়েকজন গত মাসে হাইকোর্টে একটি রিট দায়ের করেন, যার শুনানি শেষে উচ্চ আদালত এই রুলসহ আদেশ দেন।
খবরওয়ালা/টিএসএন