৬২ কোটি মুনাফা থেকে ৩ হাজার কোটি টাকার লোকসানে জনতা ব্যাংক

নিট সুদ আয় ধসে পড়ায় ২০২৪ সালে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি। বছরের হিসাব অনুযায়ী, ব্যাংকটি গত বছরে ৩ হাজার ৬৬ কোটি টাকা লোকসান করেছে। অথচ ২০২৩ সালে ব্যাংকটির মুনাফা ছিল ৬২ কোটি টাকা।

ব্যাংকের প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৪ সালে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১৩২ টাকা ৫১ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৬৮ পয়সা।

জনতা ব্যাংকের নিট সুদ আয়ের জায়গায় দেখা গেছে সবচেয়ে বড় ধস। ২০২৪ সালে এ খাতে ব্যাংকের লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ কোটি টাকা, যা আগের বছর ছিল ২৮২ কোটি ৩২ লাখ টাকা আয়।

এ ছাড়া, শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লোও এক বছরে ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে ১০২ টাকা ৮৭ পয়সা, যেখানে ২০২৩ সালে তা ছিল ৩১ দশমিক ২১ টাকা।

এই আর্থিক ক্ষতির প্রেক্ষিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

জনতা ব্যাংক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৭ সালের ১৫ নভেম্বর করপোরেট রূপান্তরের মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি নামে যাত্রা শুরু করে। ব্যাংকটির নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী, আমানত ও সম্পদের দিক থেকে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক।

বিশেষজ্ঞরা বলছেন, জনতা ব্যাংকের এই বিপুল পরিমাণ লোকসান রাষ্ট্রীয় ব্যাংক খাতে গভীর সংকেত দিচ্ছে এবং দ্রুত কাঠামোগত সংস্কার ছাড়া এই ধারা রোধ করা কঠিন হয়ে পড়বে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।